বৃহস্পতিবার পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপের। সিলেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। আর এই ম্যাচে জয় নিয়ে শুভ সূচনা করতে চায় মামুনুলরা।
ম্যাচের আগে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সিলেট নগরীর রোজভিউ হোটেলে। সেখানে উভয় দলের কোচ, অধিনায়ক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক উড়ন্ত সূচনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অসুস্থ্যতার কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ আসতে পারেননি। তার পরিবর্তে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গেল এক বছর ধরে আমাদের দর্শন ও খেলার ধরন নিয়ে কাজ করেছি। সেখানে নানা দিক নির্দেশনা ছিল প্রধান কোচের। সেখান থেকে যে ধরনটা আমরা রপ্ত করার চেষ্টা করেছি সেটার পূর্ণতা দেওয়ার চেষ্টা থাকবে এই টুর্নামেন্টে। আমরা কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছি। শেখ জামালের সঙ্গে যে ম্যাচটা আমরা খেলেছি সেটা থেকে বোঝা গেছে আমরা ভালো অবস্থানে আছি।"
ম্যাচকে সামনে রেখে অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আমরা খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। কালকে আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। কিন্তু আমরা প্রথম ম্যাচ হিসেবে ধরেছি শেখ জামালের বিপক্ষে অনুশীলন ম্যাচটাকে। কালকের ম্যাচে ভালো রেজাল্ট এবং পয়েন্ট অর্জন করার জন্য খেলোয়াড়রা প্রস্তুত। চেষ্টা করব আমরা আমাদের বেস্ট ফুটবল খেলার জন্য।"
জেডআই





