জাতীয় দলের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিককে মাশরাফিদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কামিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার জালাল ইউনুস বলেন,‘জিম্বাবুয়ের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে আমাদের। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’
আগামী জুন মাসে ১৫, ১৭ ও ১৯ তারিখে ধোনি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক। তিনি আফ্রিকার দেশটির হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেন। টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। টেস্টে জিম্বাবুয়ের পক্ষে আর কারও ১০০ উইকেটই নেই। আর ওয়ানডেতে নেই ২০০ উইকেটের মাইলফলক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার বোলিং কোচের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে শ্রীলংকার চন্দ্রিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করে।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]