আইসিসি ২০১৫ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে বৃহস্পতিবার ভোরে মাঠে নামছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
আইসিসি'র সহযোগী দেশটির বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশ। সব দিক থেকে এগিয়েও আছে লাল-সবুজ বাহিনী। ওয়ানডেতে দুই দলের তিনবারের মুখোমুখি লড়াইয়ের সবকটিতেই জয় পায় বাংলাদেশ।
বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে আছে টাইগাররা। ১৯৯৯ বিশ্বকাপে প্রথম ও শেষ দেখায় জিতেছিল তারা।
এবার সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগার নেতা মাশরাফি। তবে ছোট দলটিকে সমীহ করেই তিনি বলেন, “স্কটল্যান্ড ভালো খেলতে পারে, ওরা খারাপ খেলছে না। ওরা নিউজিল্যান্ডে অনেক ম্যাচ খেলেছে, এটা ওদের সহায়তা করবে। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেললে যে কাউকে হারানো সম্ভব। আমাদের সেরাটা খেলাই উচিত।”
এদিকে স্কটল্যান্ডও জয়ের স্বপ্ন দেখছে। তাদের আত্মবিশ্বাস ২০১২ সালে নেদারল্যান্ডসে বাংলাদেশকে হারানো টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশকে ৩৪ রানে হারানো সেই ম্যাচে অসাধারণ এক শতক করেছিলেন রিচি বেরিংটন। ৫৭ বলে শতক করা বেরিংটন পরের বলেই আউট হন।
তিনি বলেন, "বাংলাদেশের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে আমার অবশ্যই আনন্দের স্মৃতি আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পুরো দলই তাদেরকে আগে হারানো থেকে আত্মবিশ্বাস নিতে পারে।"
জেডআই





