বার্সেলোনা শেষ কবে হেরেছে মনে করতে পারেন? ক্যালেন্ডার হাতড়াতে হবে না, তারিখটা ৩ অক্টোবর, ২০১৫। সেভিয়ার কাছে লিগে ২-১ গোলে হেরেছিল লুইস এনরিকের দল।

কিন্তু মনে হচ্ছে না, কতদিন আগের কথা! এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচে শত চেষ্টা করেও বার্সাকে হারাতে পারেনি কোনো দল।

 কোচ লুইস এনরিকের তো যেন অপরাজিত থাকার ‘নেশা’ ধরে গেছে। স্প্যানিশ কোচেরও হয়তো চাওয়া, এই ঘোর লাগা সময়টা দীর্ঘায়িত হতে থাকুক না! অপরাজিত দেখতে চান এনরিকে।

 এরই মধ্যে টানা অপরাজিত থাকার ক্লাব রেকর্ড হয়ে গেছে। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সেলোনার ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ছোঁয়া হয়ে গিয়েছিল লা লিগায় লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়েই।

এরপর ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্র আর সর্বশেষ ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসি-নেইমার-রাকিটিচের গোলে সেল্টা ভিগোকে ৬-১ গোলে হারিয়ে রেকর্ডটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছে বার্সা। ১৯৮৮-৮৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া স্প্যানিশ রেকর্ড ভাঙতেও আর মাত্র ৫টি ম্যাচ দরকার কাতালানদের।

 কিন্তু এখানেই থামতে চাইছেন না এনরিকে। ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ায় লিগে একটি ম্যাচ কম খেলেছিল বার্সা, সেটি খেলতেই আজ স্পোর্টিং গিজনের মাঠে নামবে বার্সা।

কিন্তু এই ম্যাচেই কি থেমে যাবে বার্সার রেকর্ড-যাত্রা? প্রশ্নটা করতেই গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ জানালেন তাঁর ইচ্ছার কথা, ‘অবশ্যই আমি চাই না তেমন কিছু হোক। বরং চাই আরও এক শ ম্যাচ এভাবে চলতে থাকুক।’

 

 এআই