দশম উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মান বাঁচাল ভারত। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪৫৭ রান।

দশম উইকেটে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি ১১১ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহ এনে দেন। ভুবনেশ্বর কুমার ৫৮ ও মোহাম্মদ স্বামী ৫১ রান করেন। এই জুটি ভাঙ্গেন ইংলিশ স্পিনার মঈন আলী। তার বলে জো রুটের তালুবন্দি হন ভুবনেশ্বর কুমার।

এর আগে ১২২ রানে মুরালি বিজয় ও ৫০ রানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় দিন শুরু করেন। সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ইনিংসটিকে বড় করতে পারেনি। ১৪৬ রানে অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ’র শিকার হন ডানহাতি এই ওপেনার।

এরপর জাদেজা ২৫, ধোনি ৮২, স্টুয়ার্ট বিনি ১ ও ইশান্ত শর্মা ১ রানে সাজঘরে ফিরেন। ৩৪৬ রানে ৯ উইকেট হারানো ভারত শেষ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায়।

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও স্ট্রোকস। ১টি করে উইকেট নেন প্ল্যাঙ্কেট ও মঈন আলী।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৪৩ রান তুলেছে ইংল্যান্ড। উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সামি। ৪১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।

সাজঘরে ফিরেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক (৫)। ক্রিজে অপরাজিত আছেন রবসন (২০) ও ব্যালেন্স (১৫)।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই