এলোমেলো শুরুর পর মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের ঝোড়ো ফিফটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের সর্বোচ্চ পুঁজি গড়েছিল বরিশাল বুলস।
পরে রোববার ব্যাট হাতে দানবীয় মূর্তি ধারণ করে সবটুকু আলো নিজের দিকে টেনে নেওয়ার মঞ্চই সাজিয়েছিলেন সাব্বির রহমান। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে বরিশালের ছুঁড়ে দেওয়া ১৯৩ রানের বড় লক্ষ্য টপকে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাজশাহী।
কিন্তু শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রান তুলে নিতে ব্যর্থ হয় দলটি। যাতে বরিশালের ৪ রানের রোমাঞ্চকর জয়ের দিনে পরাজিত সৈনিক হয়ে থাকতে হয়েছে সাব্বিরকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাটিংয়ে এসে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ গড়ে বরিশাল। অধিনায়ক মুশফিকের অপরাজিত ৮১ ও নাফিসের ৬৩ রানে এই সংগ্রহ গড়ে দলটি।
জবাব দিতে নেমে সাব্বিরের ক্যারিয়ার ও বিপিএলের সেরা ১২২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৮ রানেই থেমে যায় রাজশাহী।
এমএনজে





