পেনাল্টি মিস করায় হ্যাটট্রিক করতে পারলেন না বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। তবুও ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সা।
রোববার ন্যু ক্যাম্পে প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে মেসির জোড়া গোলের সঙ্গে বার্ট্রা ও নেইমারের গোলে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
এই জয়ের ফলে চলতি মৌসুমে প্রথম চার ম্যাচের চারটিতেই পূর্ণ ১২ পয়েন্ট লিগ পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখল করেছে বার্সা। সমান ম্যাচে ১০ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ, ভিয়া রিয়াল ও সেল্টা ভিগো।
এদিন ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বার্সা। বিরতির ৫ মিনিট পর গোলের খাতা খোলেন বার্ট্রা। ছয় মিনিট পর নেইমার গোল ব্যবধান দ্বিগুণ করেন।
খেলার ৬১ মিনিট মেসি গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। ৫ মিনিট পর একটি গোল শোধ করতে পারে লেভান্তে। দলের হয়ে এই গোলটি করেন ভিক্টোর ক্যাসাডিসাস।
৭৫ মিনিটে পেনাল্টি পায় বার্সা। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেননি মেসি। তার কিক করা বল ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। ফলে ৪-১ গোলে জয় পায় কোচ লুইস এনরিকের শিষ্যরা।
জেডআই





