দক্ষিণ কোরিয়ার ইনচেনে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে পর্দা উঠেছে ১৭তম এশিয়ান গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফুটবলের লড়াই শুরু হলেও অন্যান্য ইভেন্ট শুরু হয়েছে শনিবার থেকে। প্রথম দিনে শ্যুটিংয়ে অংশ নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

সকালে ওনগিয়ন আন্তর্জাতিক শ্যুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের ইভেন্টে বাংলাদেশ দলের শ্যুটাররা ছিল ব্যর্থ। বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। দলগত ইভেন্টে ১৪দলের মধ্যে হয়েছে ১২তম। ব্যক্তিগত ইভেন্টে আরমিন আশা ৩৬৯ স্কোর করে ৫২ জনের মধ্যে ৩৩তম স্থান অর্জন করেছেন। আরদিনা ফেরদৌস ৩৬৫ স্কোর করে ৪০তম ও ৩৬২ স্কোর করে আরেক শ্যুটার নাজনিন সুলতানা টুম্পা হয়েছে ৪১তম।

১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে চায়না। এই ইভেন্টে চাইনিজ তাইপে রৌপ্য ও মঙ্গোলিয়া জিতেছে ব্রোঞ্জ।

এদিকে দক্ষিণ কোরিয়ার আধিপত্য খর্ব করে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছে চীনের শ্যুটার মেনগুয়েন ঝাং। চলতি মাসে স্পেনে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০তম স্থান দখল করা ঝাং কোরিয়ার ফেবারিট জুং জিহাইকে হারিয়ে স্বর্ণ ছিনিয়ে নেন। জিহাইকে রৌপ্য নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয়। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের শ্বেতা চৌধুরী।

পুরুষদের ট্র্যাপ ইভেন্টে ৫৬ স্কোর করে ৪৬জনের মধ্যে ৪৫তম হয়েছেন বাংলাদেশে শ্যুটার কায়সার মিয়া।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই