স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সেরা কোচদের অন্যতম পেপ গার্দিওলা। তার সময়কে বার্সার স্বর্ণ যুগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সেই গার্দিওলা জানিয়েছেন, নতুন কোচ লুইস এনরিকের অধীনে আরো বেশি ভালো করবে বার্সা।
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব পালন করেন গার্দিওলা। তার পাঁচ বছরে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৪টি শিরোপা জেতে বার্সা।
সেই সময়ের মতো কাতালানরা আরেকটি সফল সময় কাটাতে পারে এনরিকের অধীনে-এমন ধারণা গার্দিওলার। স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "বার্সেলোনায় তিনি অবশ্যই আমার সমান হতে পারে। আমি তার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করি। তিনি আমার চেয়ে ভাল করবেন।"
বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ আরো বলেন, "বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ হলো নিজের পরিচয় আবার তুলে ধরা। এমন একটা দর্শন ঠিক করা যেটা আমরা সবাই স্বীকৃতি দিব। আমি মনে করি, সেটা লুইস এনরিকের অধীনে আমরা দেখতে পাব।"
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





