বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২০০ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। তবে ডি/এল পদ্ধতিতে জয়ের জন্য স্বাগতিকদেরকে লক্ষ্য ১৯৯ রান।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা নির্ধারিত হয় ৪৭ ওভারে। তাও পূর্ণ ওভার খেলতে পারেনি ভারত। ৪৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২০০ রান সংগ্রহ করেছে ধোনিরা।

টস জিতে ভারত শুরুতে ব্যাট করতে নামলেও শুরু থেকে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

খেলার ১৩তম ওভারের তৃতীয় বলে নাসিরের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলি। আউট হওয়ার আগে ২৭ বলে একটি ছক্কা ও তিনটি চারে ২৩ রান করেছেন তিনি।

২১তম ওভারে পঞ্চম বলে শিখর ধাওয়ানকে বিদায় করে দেন নাসির। তার বলে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হন ৬০ বলে ৫৩ রান করা ধাওয়ান।

পরের ওভারে রুবেলের চতুর্থ বলে নাসিরের হাতে ক্যাচ আউট হন রানের খাতা খুলতে না পারা আমবাতি রাইদু।

রায়নাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধোনি। তাদের জুটি থেকে আসে ৫৩ রান। অবশেষে এই জুটি ভেঙে দেন প্রথম উইকেট শিকারী মুস্তাফিজ।

দ্বিতীয় পাওয়ার প্লে'র প্রথম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হন রায়না। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ রান করেন তিনি।

৪০তম ওভারে ভারত শিবিরে জোড়া আঘাত হানেন বাঘের বাচ্চা মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলে ৪৭ রান করা ধোনিকে বিদায় করে দেন তিনি। তার বলে ক্যাচ ধরেন সৌম্য সরকার।

একই ওভারের চতুর্থ বলে আজার পাটেলকে এলবিডিব্লউ'র ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন অভিষেকে ৫ উইকেট শিকারী পেসার মুস্তাফিজ। কিন্তু শেষ পর্যন্ত হ্যাটট্রিক করা হয়নি তার।

৪২তম ওভারের শেষ বলে আবার আঘাত হানেন তরুণ টাইগার। অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি। তার বলে লিটন দাসের হাতে ক্যাচ আউট হয়ে বিদায় নিয়েছেন অশ্বিন (৪)।

৪৩.৫ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলে নিজের শেষ বলটি করতে আসেন মুস্তাফিজ। সেই বলেই জাদেজাকে সরাসরি বোল্ড করে দেন এই জ্বালাময়ী পেসার।

৪৫তম ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ভুবনেশ্বর কুমার ক্যাচ ধরলে শেষ উইকেটটি পান রুবেল হোসাইন। ফলে ইনিংস শেষ হয়ে যায় ভারতের।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সিরিজটি নিজেদের করে নিতে পারবে স্বাগতিকরা।

জেডআই