বিপিএলে চিটাগং ভাইকিংস প্রথম ম্যাচ জেতার পর টানা চার ম্যাচে হেরে যাওয়ায় তাদের শেষ চারের আশা ফিকে হয়ে যায়।

সেখান থেকে টানা পাঁচ ম্যাচ জিতে তারা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। খেলে ফেলেছেন দুটি ম্যাচ।গেইল এসে দলের অন্য ব্যাটসম্যানদের চাপ মুক্ত করেছেন বলে মনে করেন জহুরুল ইসলাম।

গেইল যদি দলের হয়ে রান না-ও করেন, তবুও সতীর্থরা ফুরফুরে মেজাজে থাকেন। কাল জহুরুল ইসলাম বলেন, ‘গেইল যদি রান না-ও করেন, তারপরও অন্য খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে থাকে।

তার মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, তার সঙ্গে খেলা অনেক বেশি কিছু। সে যখন ব্যাটিংয়ে নামে, এটা অন্য খেলোয়াড় আরও সাহস পায়। তার মতো খেলোয়াড় দলে থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়।’

এদিকে বিপিএলের এবারের আসরে ব্যাট হাতে দলকে খুব বেশি রান এনে দিতে পারেননি টপ-অর্ডার ব্যাটসম্যান জহুরুল। চিটাগংয়ের হয়ে নয় ম্যাচে ব্যাট হাতে এ পর্যন্ত তার সর্বোচ্চ সংগ্রহ ৩৬ রান। ঢাকার বিপক্ষে এই স্কোর করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে।

ওই ম্যাচে অপরাজিত ২৯ রান করেন তিনি। উইকেটে সেট হওয়ার পরও কয়েকটা ম্যাচে শেষ করতে না পারায় অধিনায়ক তামিম ইকবাল ক্ষেপোছিলেন জহুরুলের ওপর। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে জহুরুল বলেন, ‘আসলে আমাদের দলে টপ-অর্ডার ব্যাটসম্যান অনেক বেশি।

আমি নিজেও তাই। বিপিএলে যে দলে আছি সেখানে আমার পজিশনে খেলে এমন পাঁচ-ছয়জন ব্যাটসম্যান আছে। আমাকে একটু নিচে খেলতে হয়। তবে সব মিলিয়ে দল ভালো করলে নিজের পারফরম্যান্সে খুব একটা যায়-আসে না।

নিজের পারফরম্যান্স দলের যখন যেমন দরকার হয় সেটুকু করতে পারলে খুশি হব।’ আজ চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট টেবিলে ঢাকা এক নম্বরে ও চিটাগং দুইয়ে।

মাহমুদ.