ব্রাজিল বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই আগের বিশ্বকাপের স্মৃতিগুলো ভেসে আসছে। মনে পড়ে যায় অনেক ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্ত। মানসপটে ভেসে ওঠে অনেক তারকার প্রতিচ্ছবি। ব্রাজিল বিশ্বকাপের এখনো বাকি আছে ৬১ দিন। এই ৬১ শব্দটির কথা আসতেই মনে পড়ে গেল আর্জেন্টাইন তারকা গুলেরমো স্তাবিলের কথা। ১৯৬৬ সালের ডিসেম্বরে ৬১ বছর বয়সে পৃথিবীবাসীকে চিরবিদায় জানান প্রথম বিশ্বকাপের সেরা তারকা।
১৯৩০ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। বিরতির আগে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত স্বাগিতকদের কাছে ৪-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু মহানায়কে পরিণত হয়েছিলেন স্তাবিলে। কারণ বিশ্বকাপে সর্বপ্রথম স্বর্ণের বুট জিতেছিলেন তিনি।
অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন স্তাবিলে। গ্রুপ পর্বে পরের ম্যাচেও করেছিলেন জোড়া গোল। সেমিফাইনালে করেন আরো দুই গোল। ফাইনাল ম্যাচে তার গোলেই বিরতির আগে লিড নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ আর জেতা হলো না।
তবে মাত্র ৪ ম্যাচ খেলে প্রতি ম্যাচে গড়ে দুটি করে গোল করেছেন স্তাবিলে। এতে অভিষেক বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সঙ্গে ইতিহাসের পাতায় নিজের নামটি খোদাই করে যান। শিরোপা হাতছাড়া হয়ে যাওয়া ওই ম্যাচের পর আর দেশের হয়ে মাঠে নামেননি এই মহানায়ক।