ব্রাজিলকে এলোমেলো করার মতো ক্রোয়েশিয়া দলে এমন কোনো তারকা না থাকায় দলের সবাইকে জোটবদ্ধ থাকার আহবান জানিয়েছেন লুকা মদরিচ।
বিশ্বকাপের প্রথম দিনেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ক্রোয়েশিয়ার ২০১৪ বিশ্বকাপ অভিযান। ক্রোয়েশিয়ার জন্য ব্রাজিল ম্যাচটি অনেক বড় বলে মনে করেন মদরিচ।
রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার জানান, ব্রাজিল তার দলকে সমীহ করছে। তবে ব্রাজিল যে ম্যাচে কি করতে পারে, সেটাও ভালো করেই জানা মদরিচের।
মার্সেলো, চিয়াগো সিলভা ও নেইমারকে নিয়ে অসাধারণ এক দল ব্রাজিল বলেও উল্লেখ করেন তিনি।
ক্রোয়েশিয়ার তারকা মদরিচ মনে করেন, ব্রাজিল ম্যাচে ফল যাই হোক গ্রুপ পর্ব পেরোতে পারলে ক্রোয়েশিয়া এই বিশ্বকাপে অনেক দূর যেতে পারবে।
এর আগে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেরা সাফল্য সেমি-ফাইনালে ওঠা। এই সাফল্য তারা পেয়েছিল ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেকের বছরেই।
তবে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ক্রোয়েশিয়া। আর ২০১০ বিশ্বকাপে বাছাইপর্বই পার হতে পারেনি এই দলটি।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





