১৫ দিনব্যাপী এশিয়ার অলিম্পিক হিসেবে খ্যাত এশিয়ান গেমসের পর্দা নামছে আজ শনিবার। বাংলাদেশ সময় বিকেলে ৪টায় ইনচিয়ন 'মেইন স্টেডিয়ামে' শুরু হবে গেমসের সমাপনী অনুষ্ঠান।
প্রত্যাশিতভাবেই ১৭তম এশিয়ান গেমসে একচ্ছত্র দাপট ছিল চীনের। শুক্রবার পর্যন্ত তারা ১৪৮টি স্বর্ণসহ মোট ৩৩৫টি পদক জিতেছে। ৭৬টি স্বর্ণসহ ২২৭টি পদক জিতে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। গেমসে এশিয়ার ৪৫টি দেশ অংশ নিলেও পদক তালিকায় নাম লেখাতে পেরেছে ৩৭টি দেশ। সেখানে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জিতে বাংলাদেশের অবস্থান ৩৩তম।
এবারের এশিয়ান গেমসের সফলতা নিয়ে বেশ শঙ্কা ছিল। তবে গেমেসর একেবারে শেষে এসে মনে হচ্ছে সীমিত বাজেট সত্ত্বেও আয়োজকরা ব্যর্থ হননি। মাঠে দর্শকস্বল্পতা, যানবাহনের কিছু সমস্যা থাকার পরও বড় কোনো অঘটন ঘটেনি।
৪৫টি দেশের এ গেমস আয়োজনে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন ইউএস ডলার। যেখানে অংশ নিয়েছেন প্রায় সাড়ে ৯ হাজার অ্যাথলেট। তবে অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম এ গেমসের খরচ কমাতে আয়োজকরা বেশ তৎপর ছিলেন।
এবারের এশিয়ান গেমসের সবচেয়ে আলোচিত বিষয় ছিল_ পচা খাবার সরবরাহ করায় ডজন ডজন লাঞ্চবক্স ছুড়ে ফেলে দিয়েছিলেন অ্যাথলেটরা। যাতায়াত ব্যবস্থা নিয়েও বেশ ভোগান্তি ছিল। এর মধ্যে যানবাহন বিড়ম্বনায় হতাশ সংবাদকর্মীরা একদিন রাস্তা আটকে প্রতিবাদও করেছিলেন।
ব্যয় নিয়ন্ত্রণে আয়োজকরা তৎপর থাকলেও ব্যতিক্রম দেখা গেছে আরচারি ইভেন্টে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ফেডারেশন হলো আরচারি। তারা গেমস উপলক্ষে আরচারি ভেন্যুকে আধুনিক করেছে। অ্যাথলেট-সংবাদকর্মীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি দর্শকদের জন্যও ছিল সুব্যবস্থা। তাই আরচারিতে দর্শক সমাগমও ছিল বেশ। এ ছাড়া বাকি ৩৫টি ইভেন্ট দর্শক খরায় ভুগেছে।
জেডআই





