হার দিয়ে ৫০ ওভারের ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজে হেরে যাওয়া ভারত। রোববার স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে চার উইকেটে হেরেছে তারা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে তারা।

রোহিত শর্মার ১৩৯ বলে ১৩৮ রান ছাড়া সুরেশ রায়নার ৫১ রানই উল্লেখযোগ্য। বাকিরা বড় কোনো স্কোর করতে পারেননি।

জবাবে ৪৯ ওভারে চার উইকেট হাতে থাকতে দলের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন অ্যারন ফিঞ্চ। ১২৭ বলে ৯৬ রান করেন তিনি। এছাড়া স্টিভেন স্মিথের ৪৭ ও ওয়াটসনের ৪১ রান উল্লেখযোগ্য।

ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে বোনাসসহ মোট ৫ পয়েন্ট অর্জন করেছিল তারা। এই ম্যাচেও জয়ের ফলে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অসিরা। এদিকে কোনো পয়েন্ট অর্জন করতে না পারা ভারত ও ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

জেডআই