ইউনিস খানের অসাধারণ এক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে সাত উইকেটে জিতেছে পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতে নিল সফরকারীরা।

মঙ্গলবার পাল্লেকেলেতে সিরাজ নির্ধারণী ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আট উইকেট হাতে নিয়ে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪৭ রান। এদিন মাত্র এক উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় মিজবাহরা।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস শেষে পাকিস্তানকে ৩৭৭ রানের লক্ষ্য বেধে দেয়। জবাবে তিন উইকেট হারিয়ে ৩৮২ রান জমা করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে জয়ের তালিকায় ষষ্ঠ স্থান দখল করে তারা।

টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে জিতেছিল তারা।

২ উইকেটে ২৩০ রান নিয়ে ব্যাট করতে নেমে শেষ দিনের প্রথমভাগেই শান মাসুদকে হারায় পাকিস্তান। আগের দিনই ক্যারিয়ারের প্রথম শতক পাওয়া মাসুদ আউট হওয়ার আগে ১২৫ রান করেন। ২৩৩ বলের ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজান তিনি।

মাসুদ আউট হওয়ার পর ইউনুসের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক মিসবাহ। অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।

ইউনুস তার ২৭১ বলের ইনিংসে ১৮টি চারের মারে ১৭১ রান করেন। আর মিসবাহ ৮টি চারে ও ১টি ছক্কায় ১০৩ বলে অপরাজিত ৫৯ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন ধাম্মিকা প্রসাদ, সুরঙ্গা লাকমাল ও থারিন্দু কৌশল।

জেডআই