চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে এলিটা কিংসলের জোড়া গোলে ৩-১ ব্যাবধানে শিরোপা জিতে নিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
স্বাগতিকদের শুরুটা হয়েছিল হতাশার। ১০ মিনিটে হেড থেকে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন মিঠুন চৌধুরী। মিঠুনের নষ্ট সুযোগটার আক্ষেপ বহুগুণ বাড়িয়ে দিয়ে এক মিনিট পরেই ইস্ট বেঙ্গলকে এগিয়ে দিলেন অভিনব। অভিনবের শট চট্টগ্রাম আবাহনীর লিটনের মাথায় লেগে ঢুকে যায় জালে। তবে গোল নষ্টের ‘প্রায়শ্চিত্ত’ দারুণভাবে করেছেন মিঠুন, প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁর দুর্দান্ত ক্রস থেকেই হেড করে সমতা আনেন এলিটা।
পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। বিরতির পর ৫৪ মিনিটে এলিটার গোলেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনীকে। এবার উৎস জাহিদের ফ্রি কিক, তাতে পা ছুঁয়ে এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারি উত্তাল করে তোলেন এলিটা। তিন মিনিট পরে আবারও দৃশ্যপটে এলিটা। এবার গোল বানানোর কারিগর হয়ে। তাঁর ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ৩-১ করে ফেলেন হেমন্ত ভিনসেন্ট।
শেষ দিকে চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি ইস্টবেঙ্গল। অবশ্য কৃতিত্ব দিতে হবে রাসেল মাহমুদকেও। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের দৃঢ়তায় ইস্টবেঙ্গল দেখা পায়নি তাদের দ্বিতীয় গোলের।
এদিকে চট্টগ্রাম আবাহনীর এই জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এআই





