ফিফায় দুর্নীতির কারণে আট বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কর্মকান্ড থেকে নিষিদ্ধ হয়েছেন মিশেল প্লাতিনি।
তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার আগেই সংস্থাটির প্রেসিডেন্ট পদে লড়ার জন্য অন্যতম ফেভারিট ছিলেন তিনি।
আগামী মাসেই ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগেই এই পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন উয়েফার প্রধান প্লাতিনি।
ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে নিজের নাম প্রত্যাহার নিয়ে প্লাতিনি বলেন, ‘ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আর অংশ নিচ্ছি না। আমি নিজের প্রর্থীতা প্রত্যাহার করে নিয়েছি। তা ছাড়া ইচ্ছা থাকলেও আমার পক্ষে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে থাকা সম্ভব নয়।
ভোটারদের দেখার পাশাপাশি মানুষের সঙ্গে সাক্ষাত করার পর্যাপ্ত সময় আমার নেই। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ের জন্য এর বিকল্প নেই। প্রচারণার সুযোগ না থাকলে নির্বাচনে কিভাবে জিতব? তাই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ফিফার ইথিকস কমিটি কর্তৃক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্লাতিনি আপিল করবেন বলে জানা যায়। তবে ফিফার ভাষ্যমতে, ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) এ যাওয়ার আগে প্লাতিনিকে অবশ্যই প্রথমে ফিফার আপিল কমিটির কাছে আপিলের আবেদন করতে হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফার প্রেসিডেন্ট পদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসএইচ





