[b]ব্রিজবেন[/b]: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় স্কোর সংগ্রহ করেছে ইংল্যান্ড। ইয়ন মরগানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে তারা।
উদ্বোধনী জুটিতে ৫৭ রান করলেও ৭৮ রান সংগ্রহ করতে তিন উইকেট হারায় টসজয়ী ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের পর একে একে সাজঘরে ফিরে যান জো রুট (২) ও ব্যালেন্স (৯)।
ওপেনিং জুটিতে মাঠে নামা ইয়ান বেলের সঙ্গে যোগ দেন ইয়ন মরগান। এই জুটি থেকে আসে ৬১ রান। পরে ৬৮ রান করে বেল আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন মরগান। তবে শতরানের পর বেশিক্ষণ মাঠে স্থায়ী হননি এই তারকা। ১০৬ রানের মাথায় ফকনারের বলে ক্লার্কের তালুবন্দী হন তিনি। এর আগে ৯৯ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ১০৬ রান করেন এই ব্যাটসম্যান।
এছাড়া বাটলারের ৪৯ রান ও বোপারার ২৪ রানই উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার বোলার ম্যাক্সওয়েল, ফকনার ও কুল্টার নিল দুটি করে উইকেট পান। আর একটি উইকেট শিকার করেন মিশেল জনসন।