বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ের টিকিট পেতে আজ স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জার্মানি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২ টায় বেলো হরিজন্তেতে হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বকাপজয়ী জার্মানি। নেইমার আর থিয়াগো সিলভাবিহীন ব্রাজিল জার্মানদের বিপক্ষে ঘরের মাঠে শিরোপা জয়ে মানসিকভাবে প্রস্তুত।

সেমিফাইনালের এই 'হাইভোল্টেজ' ম্যাচে মুখোমুখি হওয়ার আগে চাঙ্গা রয়েছে দুই দলই। উভয় দলই মরিয়া নিজেদের সেরা ফুটবলটা উপহার দিতে। জোয়াকিম লোর দল চাইছে হারের প্রতিশোধ নিতে। আর লুইস ফিলিপে স্কলারির দল চাইছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে।
তবে 'হাইভোল্টেজ' এই ম্যাচের আগে কিছুটা দু:শ্চিন্তার রেখা ফুটে আছে ব্রাজিলের কোচ স্কলারির কপালে। মেরুদণ্ডের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তার দলের প্রধান অস্ত্র নেইমার। দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র নেইমারের পাশাপাশি দলের রক্ষণভাগের সেনাপতি অধিনায়ক থিয়াগো সিলভাকেও পাচ্ছেন না ব্রাজিলের কোচ। পর পর দুই ম্যাচে দু'টি হলুদ কার্ড দেখার কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না সিলভা।

সিলভাকে সেমিফাইনালে ফেরানোর জন্য অবশ্য ফিফার আছে আবেদন করেছিল ব্রাজিল। তবে স্বাগতিকদের সে আবেদন নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। নেইমারের পরিবর্তে মিডফিল্ডার উইলিয়ানকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন স্কলারি। যদিও ম্যাচের পরিকল্পনা নিয়ে খোলসা করে কিছু বলেননি তিনি। ব্রাজিল তাদের ঘরের মাঠে খেলবে সেক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পাবে সন্দেহ নেই। তবে নিজেদের দর্শকদের সামনে খেলাও বাড়তি চাপ বলে মনে করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। কোনো অঘটন ঘটলে ওই সমর্থকরাই আবার বিক্ষোভে ফেটে পড়বে তাই সতর্ক স্কলারি।

এদিকে ব্রাজিলের বিপক্ষে জার্মানরা নির্ভার নয়। অতীত রেকর্ড ব্রাজিলের পক্ষেই বেশি। ৯ সাক্ষাতে ৫ জয় ব্রাজিলের। আর দুই জয় জার্মানদের। ফলে জার্মান কোচ জোয়াকিম লো কিছুটা হলেও চিন্তিত এটি নিয়ে। তবে দুই দলের বর্তমান অবস্থায় জার্মানদের মনবল একটু ভালো। বিশেষ করে ব্রাজিলের তারকা নেইমারের ইনজুরি, সিলভার খেলতে না পারা। ব্রাজিল ঘরের মাঠে বাড়তি সুবিধা পাক আর না পাক, তাদের রুখে দিতে তৈরি হয়ে রয়েছে জার্মানি।
যদিও বিশ্বকাপের ইতিহাস তাদের দিকে নেই। তবুও ব্রাজিলকে ঘরের মাঠে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চাইছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের অন্যতম ভরসা বাস্তিয়ান সোয়াইনস্টাইগার বলেছেন, "ব্রাজিলিয়ানরা আগের মতো আর ফুটবল জাদুকর নয়। ওদের দলের পরিবর্তন হয়েছে। খেলার স্টাইলেও পরিবর্তন হয়েছে। আমরা নিজেদের সেরা খেলা মেলে ধরবো সেমিফাইনালে। জেতা ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।"

টমাস মুলার, মেসুত ওজিলদের নিয়েই ব্রাজিলকে হারানোর নীল নকশা আঁকছেন জার্মান কোচ জোয়াকিম লো। মিরোস্লাভ ক্লোসার সামনে রয়েছে রোনালদোকে টপকিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতছানি। রোনালদোর ব্রাজিলের বিপক্ষেই তার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার জন্য এই বয়সেও নিজেকে উজাড় করে দিতে মরিয়া জার্মানির এই স্ট্রাইকার।

এর আগে ২০০২ সালের ৩০ জুন জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেবার ম্যাচের ৬৭ ও ৭৯ মিনিটে রোনালদোর জোড়া গোলে জার্মানদের হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। বিশ্বকাপে দু'দলের এটাই একমাত্র সাক্ষাত।
এ পর্যন্ত ২১ বার দেখা হয়েছে জার্মানি ও ব্রাজিলের। এর মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। জার্মানির জয় মাত্র ৪টিতে। বাকি ৫টি ম্যাচ হয়েছে ড্র। ২১ ম্যাচে ব্রাজিল পেয়েছে ৩৯ গোল, জার্মানির গোল ২৪টি। ফলে অতীত ইতিহাস থেকে অনুপ্রেরণা পাবে ব্রাজিল।

ঢাকা, ৮ জুলাইি (টাইমনিউজবিডি.কম) // জেআই