প্রথমবারের মতো ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি ছিল সাকিব আল হাসানের। ‘ছিল’ বলতে হচ্ছে, গত ডিসেম্বরে টেস্ট অলরাউন্ডারদের চূড়া থেকে সাকিবকে সরিয়ে শীর্ষে ওঠেন রবীচন্দ্রন অশ্বিন। আজ হারিয়েছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ মুকুটটিও। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের টি-টোয়েন্টির ‘নাম্বার ওয়ান’ অলরাউন্ডার হতে বড় ভূমিকা রেখেছে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। দুর্দান্ত ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন সবাইকে। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট ৩৮৮, যেটি তাঁর ক্যারিয়ারসেরা। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। ৩১৯ পয়েন্ট নিয়ে তিনে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

৩০ আগস্ট প্রকাশিত আইসিসির আগের র‍্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে ম্যাক্সওয়েলের পার্থক্য ছিল ১৭ পয়েন্ট। সেটি তো ঘুচিয়েছিনই, ম্যাক্সওয়েল নিজেকে এগিয়ে নিয়েছেন আরও অনেকটা। গত মার্চে বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলায় সাকিবের পক্ষে সম্ভব হয়নি রেটিং পয়েন্ট বাড়ানোর।

টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব হারালেও ওয়ানডের শীর্ষস্থানটি এখনো ধরে রেখেছেন সাকিব।

এআই