আগামী সপ্তাহের মধ্যেই নতুন নির্বাচক কমিটি গঠন করা হবে এবং মে মাসের প্রথম সপ্তাহে নতুন কোচ নিয়োগ দেয়ার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ভার স্বীকার করে ওয়াকার ইউনুস কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর পরে পিসিবি জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচের সন্ধান শুরু করে। একইসাথে হারুন রশীদের নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা দেয়। আগামী ২৫ এপ্রিলের মধ্যে কোচের পদে আগ্রহী প্রার্থীদের আবেদন সংগ্রহ করবে পিসিবি। ইতোমধ্যেই নতুন কোচ চূড়ান্তকরণে সাবেক দুই তারকা ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে নিয়ে একটি কমিটিও গঠিত হয়েছে। শাহরিয়ার খান অবশ্য জানিয়েছেন পিসিবি এখনো বিদেশী বা স্থানীয় কোচ নিয়োগের ব্যপারে কোন সিদ্ধান্ত নেয়নি। তবে ইতোমধ্যেই বিদেশী ও স্থানীয়দের একটি সংক্ষিপ্ত তালিকার ব্যপারে তিনি ইঙ্গিত দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন ওয়াসিম আকরাম আইপিএল এর কারনে ভারতে থাকায় সম্ভাব্য প্রার্থীদের সাথে সেখানেই আলোচনা সেড়ে নিচ্ছেন।

এদিকে সূত্রমতে কোচের পদের জন্য কয়েকজন সাবেক তারকার নাম জানা গেছে, তারা হলেন আকিব জাভেদ, মইন খান, মহসিন খান ও মুদাসসর নাজার। তবে পিসিবি বিদেশী প্রার্থী হিসেবে টম মুডি ও ডিন জোন্সের দিকে নজড় রেখেছে। এদের মধ্যে মুডি বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন ও জোনস সম্প্রতি পাকিস্তান সুপার লীগে বিজয়ী ইসলামাবাদ ইউনাইটেডে কোচের দায়িত্ব পালন করেছেন।

পিসিবি প্রধান জানিয়েছেন চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে বোর্ড নতুন নির্বাচক কমিটির নাম ঘোষনা করতে চায়। যাতে করে আগামী সপ্তাহ থেকে ফয়সালাবাদে শুরু হওয়া পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্টে নির্বাচকরা খেলোয়াড়দের যাচাই করতে পারেন।

ইতোমধ্যেই মহসিন খানকে প্রধান নির্বাচকের প্রস্তাব দেয়া হলেও তিনি তাতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচক কমিটিতে নয় বরং তিনি কোচের পদে বেশি আগ্রহী বলে জানা গেছে।

নির্বাচক কমিটির প্রধান হিসেবে সাবেক টেস্ট স্পিনার ইকবাল কাসিম, মইন খান ও মহসিনের নাম শোনা গেলেও তাদের কাউকেই হয়ত পাচ্ছে না পিসিবি। শাহরিয়ার খান জানিয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কঠিন সফরকে সামনে রেখে তিন ফর্মেটেই র‌্যাঙ্কিংয়ের উন্নতির লক্ষ্যে পিসিব এবার জোর প্রস্তুতি শুরু করেছে।

 

এমআইএস।