আগেও নেতৃত্ব দিয়েছেন থারাঙ্গা ও চান্দিমালব্যর্থতায় তিন ফরম্যাট থেকেই শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছেড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাই নতুন করেই নেতৃত্ব বেছে নিয়েছে শ্রীলঙ্কা। টেস্টে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনেশ চান্দিমাল আর ওয়ানডে, টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা।

চান্দিমাল অবশ্য আগে থেকে টি-টোয়েন্টিতে ম্যাথুসের ডেপুটি হিসেবে ছিলেন। আর ম্যাথুস বেশ কয়েকবার ইনজুরিতে পড়ার সময় তখন দলকে সামলেছেন থারাঙ্গা।

নতুন অধিনায়কের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে কথা বলেন ম্যাথুস। আর নিজের ব্যর্থতার দায় স্বীকার করতেও পিছপা হননি লঙ্কান এই অলরাউন্ডার, ‘এটা সত্যিই যে খুব বাজে পারফরম্যান্স ছিল। আমি নিজেও সেটি স্বীকার করছি। অতীতেও আমি এমন ঘটনায় দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু দলের কথা ভেবে তখন আমি করিনি। আর তখন কোনও বিকল্পও ছিল না। তবে এখন অনেক প্রার্থী আছে যারা দায়িত্ব নিতে পারবে। আমি নিশ্চিত যে তারা আমার চেয়েও সফল হবে। আর আমার উত্তরসূরীদের ২০১৯ বিশ্বকাপকে লক্ষ্য করে এখন সময় দিতে চাই।’

এদিকে ম্যাথুসকে ধন্যবাদ জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া চান্দিমাল অভিব্যক্তি জানিয়েছেন এভাবেই, ‘ম্যাথুস আমাদের জন্য যেভাবে করেছে তার জন্য সত্যিই ধন্যবাদ জানাতে হয়। আসলে নেতৃত্ব এত সহজ কাজ নয়। আমাদের জন্য কিন্তু সে ম্যাচ উইনার। আশা করবো সামনে এভাবেই নিজেকে চালিয়ে যাবে।’

অবশ্য সোমবারই ঘটে সেই অঘটন। নিচের সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। আর এরপরেই নিজের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলেন ম্যাথুস।

জারিফ