বাংলাদেশের বোলিং কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে হিথ স্ট্রিকের। মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি তিনি।

তাই স্ট্রিকের বিকল্প হিসেবে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। এ ক্ষেত্রে চার সাবেক পেসারের ব্যাপারে ভাবছে বিসিবি।

টি টুয়েন্টি বিশ্বকাপের পরই দলের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে স্ট্রিকের। মেয়াদ শেষ হলেও দলের সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে বিসিবি'র সাথে কোনো কথা বলেননি তিনি।

তবে ইতোমধ্যে গুঞ্জন উঠেছে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্ট্রিক।

এমন গুঞ্জনে নড়েচড়ে বসেছে বিসিবি। তাই স্ট্রিকের বিকল্প দেখছে বিসিবি। বোলিং কোচ হিসেবে শ্রীলংকার চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস, ভারতের ভেঙ্কটেশ প্রসাদ ও পাকিস্তানের আকিব জাভেদের কথা ভাবছে বিসিবি।

একটি সূত্র জানিয়েছে, 'বিসিবির পছন্দের তালিকায় সবার ওপরে আছেন রামানায়েকে। দ্বিতীয় পছন্দ ভাস।'

রামানায়েকে ২০০৮ সাল থেকে দু’বছর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নিজ দেশ শ্রীলংকার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে চুক্তি শেষ হবার পর দীর্ঘমেয়াদের জন্য শ্রীলংকা রেখে দিতে চেয়েছিল রামানায়েকেকে। কিন্তু দীর্ঘমেয়াদের জন্য রাজি না থাকায় শ্রীলংকার সঙ্গে আর চুক্তি বাড়াননি।

রামানায়েকের পর ভাসের ব্যাপারে আগ্রহটা বেশি বিসিবি'র। স্বল্প মেয়াদে শ্রীলংকা দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে বর্তমানে কোনো দলের সঙ্গে যুক্ত নন ভাস।
সূত্র: বাসস

এসএম