টনি ক্রসের ফ্রি কিক দুর্দান্ত হেডের মাধ্যমে গোলে পরিণত করে ম্যাচের ১২ মিনিটে দলকে এগিয়ে নিয়েছে ম্যাট হামেলস।
খেলার ৪ মিনিটেই আক্রমণে যায় জার্মানি। তবে ফরাসি ডিফেন্সের মুখে তা প্রতিহত হয়। ৮ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে যাওয়া ফরাসি স্ট্রাইকার বেনজেমার শট লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয় ফ্রান্স। ১১ মিনিটের মাথায় ভ্যালবুয়েনার বানিয়ে দেওয়া বল জার্মান জালে জড়াতে ফের ব্যর্থ হয় ফ্রান্স। তবে পরবর্তী মিনিটে টনি ক্রসের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে এগিয়ে যায় জার্মানরা।
চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইউরোপের ২ জায়ান্ট চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও জার্মানি। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ‘অঘোষিত এ ফাইনালে’নামে দু’দল।
ইতিহাসের ধারাবাহিকতা নাকি বিরাশির পুনরাবৃত্তি, এমন আশঙ্কা-সম্ভাবনা নিয়ে মুখোমুখি হয়েছে ইউরোপের দল দু’টি।
লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখছেন ফরাসি কোচ দিদিয়ের দেশাম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ফরাসিদের ফেভারিত বলে ইঙ্গিত দেন তিনি।
শুক্রবারের এ ম্যাচের আগে দল দু’টির ২৫ বারের লড়াইয়ে ফ্রান্স ১১টিতে জয় পায়। জার্মানি জয় পায় ৮টিতে। বাকি ৬টির ফল অমীমাংসিত।
পরিসংখ্যান যাই হোক, শিরোপা প্রত্যাশী জার্মানিও নিজেদের পিছিয়ে রাখছে না। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর কথা ব্যক্ত করেছেন জার্মানদের কোচ জোয়াকিম লো। সেবারের লড়াইয়ে পেনাল্টিতে ফরাসিদের বিপক্ষে জয় তুলে নেয় তিন বারের চ্যাম্পিয়নরা।
ফ্রান্স-জার্মানি লড়াইয়ে মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। সহকারী হিসেবে রয়েছেন স্বদেশি হারনান মাইদানা ও জুয়ান পাবলো বেলাত্তি। এছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে রয়েছেন সুইডেনের জোন্স এরিকসন।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





