কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের একের পর এক আক্রমণ প্রতিহত করে দিয়েও শেষ পর্যন্ত গোল হজম করতে হয়েছে নাইজেরিয়াকে। পল পোগবার দুর্দান্ত হেডে নক আউট পর্ব পার করেছে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স।
সোমবার শেষ-১৬'র লড়াইয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যেতে থাকে। ফ্রান্স বেশ দুর্দান্ত আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে সুপার ঈগলসদের গোলপোস্ট নিরাপদ রেখেছেন গোলরক্ষক ভিনসেন্ট ইনেইমা। কিন্তু শেষ রক্ষা হয়নি তার দলের।
বিরতির আগে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও গোলবঞ্চিত হয় উভয় দল। তবে ৭৯ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। কর্নার কিক থেকে আসা বল ফিরিয়ে দিয়েও দলকে বিপদমুক্ত করতে পারেননি নাইজেরিয়া গোলরক্ষক। তার ফিরিয়ে দেয়া বল হেড করে পোগবা জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা।
এরপর ইনজুরি টাইমে আরো এক গোল পায় ফ্রান্স। জোসেফ ইয়োবু আত্মঘাতী গোল করলে ২-০ তে গোলে জয় নিশ্চিত হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। আর তৃতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল নাইজেরিয়া। সেই সঙ্গে আফ্রিকা মহাদেশের আরেক প্রতিনিধির বিদায় হলো।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





