ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মুখোমুখি হতে যাচ্ছে গত আসরের ফাইনালিস্ট দল দুটি। বর্তমান রানার্স-আপ নেদারল্যান্ডসের মোকাবেলা দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এ যেন ২০১০ বিশ্বকাপ ফাইনালেরই পুনরাবৃত্তি। যেখানে প্রতিশোধ নেবার সুযোগ পাচ্ছে ডাচরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে ইনিয়েস্তার গোলে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তোলে স্প্যানিশরা। চার বছর পর নতুন বিশ্বকাপ আসরে ইউরোপীয় দল দুটিই বি’ গ্রুপের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে সালভাদরের এ্যারিনা ফন্টে নোভায়।

গ্রুপের বাকি দল দুটি হচ্ছে যথাক্রমে ল্যাতিন আমেরিকার ডার্ক হর্স চিলি ও এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া।

চার বছর আগে অর্থাৎ ২০১০ সালের বিশ্বকাপ স্কোয়াডে অংশ নেয়া ডাচ তারকাদের মধ্য থেকে এবারের স্কোয়াডে ঠাই পেয়েছেন অধিনায়ক রবিন ভ্যান পর্সি অ্যারিয়েন রোবেন, ওয়েসলি স্নেইডার, নাইজেল ডি জং ও ডির্ক কুয়েট। এটি যে ডাচদের প্রতিশোধের ম্যাচ সেটি কোনভাবেই গোপন রাখেনি তারা।

এ্যাস্টন ভিলার ডিফেন্ডার রন ভলার বলেন,‘বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য সেটি ছিল (২০১০ বিশ্বকাপ) আমাদের দারুণ একটি সুযোগ। কারণ আমরা শিরোপার খুব কাছে পৌছে গিয়েছিলাম। সেটি যে সব সময় আমাদের পীড়া দিবে, তা বলার অপেক্ষা রাখেনা। প্রতিপক্ষ দলটিকেই এবারের আসরে আমরা প্রথম প্রতিপক্ষ হিসেবে পাচ্ছি। তাই এটি আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জের ব্যাপার।’

এদিন ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে মাঠে নামবেন অভিজ্ঞ ডাচ মিড ফিল্ডার স্নেইডার। ওই ঘটনা তার মনে এখনো দগদগে দাগ কেটে আছে উল্লেখ করে বলেন,‘এটি এমনই এক ক্ষত চিহ্ন যার নিরাময় এখনো হয়নি। আমি যখনই সেটি নিয়ে ভাবি তখনই মিইয়ে যাই।

দুইবারের ইউরো ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচ বিসেন্তে দেল বস্ক পরপর দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি নিয়ে এবার ব্রাজিল এসেছেন, যে রেকর্ডটি এর আগে গড়ে রেখেছে ইতালী ও ব্রাজিল।

দেল বস্ক এখন শুধু একটি সুযোগেরই অপেক্ষা করছেন যেটি তাকে পৌছে দিবে নতুন ইতিহাসে।

ম্যাচের প্রথম একাদশের লাইন আপে চেজে ফ্যাব্রেগাজ থাকার সম্ভাবনা থাকলেও ব্রাজিলে জন্ম নেয়া অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তাকে সাইডলাইনেই দেখা যেতে পারে প্রথমার্ধে। আশা করা যাচ্ছে দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন তিনি।

বস্ক বলেন,‘আমরা কোনভাবেই ভীত নই। তবে (প্রতিপক্ষের প্রতি) আমাদের অবশ্যই সম্মানবোধ রয়েছে। হল্যান্ডে হচ্ছে খুবই গোছানো একটি দল। দারুণভাবে প্রশিক্ষিত। আমি নিশ্চিত তারা ম্যাচটিকে কঠিন করে তুলবে।’

গত বছর কনফেডারেশন কাপের ফাইনালের কথা বিবেচনা করলে সালভাদরে বৈরী অভ্যর্থনা আশা করছে স্প্যানিশরা। ওই ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয় বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে ম্যাচের আগেই ডাচ ফরোয়ার্ড ভ্যান পর্সি পুরপুরি সুস্থ হয়ে ওঠবেন বলে আশা করা হচ্ছে। যদিও ইনজুরি নিয়েই ব্রাজিলে পৌঁছেছেন তিনি। আমস্টার্ডামে গত সপ্তাহে ওয়েলসের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিতে গিয়ে কুচকির সমস্যায় পড়েন তিনি। ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে হল্যান্ড।

স্প্যানিশদের আক্রমন ও প্রতিআক্রমণ ঠেকাতে ডাচ দলটিকে ৫-৩-২ ফর্মেশনে পরীক্ষামুলকভাবে অনুশীলন করিয়েছিলেন কোচ লুইস ভ্যান গাল। কিন্তু ওয়েলসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হবু কোচ তার দলকে ব্যবহার করেছেন ৪-৪-২ ফর্মেশনে। ধারনা করা হচ্ছে সালভাদরে তিনি সেটিই ব্যবহার করবেন।

ভ্যান পর্সি, এ্যারিয়েন রোবেন ও স্নেইডারের সমন্বয়ে ডাচ দলটির আক্রমনভাগ দুর্দান্ত হিসেবে পরিচিতি পেলেও তাদের রক্ষনভাগের দূর্বলতা নিয়েও যথেষ্ঠ সমালোচনা রয়েছে।

স্প্যানিশ মিডর্ফিডার সার্জিও বসকুয়েটস সতর্ক করে দিয়ে বলেছেন যে ডাচ দলটির আক্রমন ভাগ খুবই ভয়ঙ্কর।

২০১০ বিশ্বকাপে অংশ নেয়া ২৫ বছর বয়সী এই বার্সেলোনা তারকা বলেন, বিশ্বকাপের স্বাধ না পাওয়া দলটিতে এবার বিপুল সংখ্যক তরুণ মেধাবী খেলোয়াড় রয়েছে। তিনি বলেন,‘আমরা মোটামুটি আগের সদস্যরাই রয়েছি। তবে ডাচ দলে নতুন খেলোয়াড় ও কোচের সংমিশ্রন রয়েছে।’

তারা ৫ ডিফেন্ডার নিয়ে খেলার ভিন্ন ভিন্ন পদ্ধতির সন্নিবেশ ঘটিয়েছে। সেই সঙ্গে প্রতিআক্রমন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার দক্ষতাও আছে। বসকুয়েটস বলেন, আমাদেরকে তাদের প্রতিআক্রমন ঠেকাতে হবে। পাশাপাশি দলটির খুবই কার্যকরী খেলোয়াড় রোবেন, পর্সি ও স্নেইডারদের দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই