বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার মিশন। আর সেই মিশনের দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই ভায়রা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এমন মনমুগ্ধকর খেলা দেখা থেকে নিজেদের বঞ্চিত করতে নারাজ টাইগার সমর্থকরা। তাই অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের গিয়ে খেলা দেখতে না পারলেও টিভির সামনে ভিড় জমিয়েছে তারা।
সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যাবে দলটি।
এমন ম্যাচের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি।
ধীরস্থির গতিতে চলা মাহমুদুল্লাহর সঙ্গে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের দর্শক নন্দনীয় ব্যাটিং দেখতে টিভির পর্দার সামনে ভিড় জমিয়েছে সমর্থকরা।
সেই ২০০৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেই প্রথম, সেই শেষ। ২০১১ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা হলেও গ্রুপ পর্বের বাধা পার করতে পারেনি তারা।
এবার অস্ট্রেলিয়ার মাটিতে বসেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। উপমহাদেশের সম্পূর্ণ ভিন্ন পরিবেশে টাইগারদের স্বপ্ন অন্তত গ্রুপ পর্ব পার করা।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে লাভ করেছে এক পয়েন্ট। স্কটল্যান্ডকে হারিয়ে এখন কোয়ার্টার ফাইনালের দরজায় পা রেখেছে তারা।
আজকের (সোমবার) ম্যাচে জয় পেলে নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালে উঠার লড়াইয়ের টিকিট। এমন জয়ের অপেক্ষায় তাকিয়ে আছে বাংলাদেশ ১৬ কোটি মানুষের সঙ্গে আরো অনেক ভক্তরা।
জেডআই





