ব্রাজিলীয় সুপার স্টার নেইমারকে এক বিস্ময়কর ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা রবার্তো কার্লোস। সেই সঙ্গে তাকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পরে এ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে মনে করছেন তিনি।
মাত্র ২২ বছর বয়সে ব্রাজিলের জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নেইমার। বিশ্বকাপের পর তার অধীনে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে সেলেকাওরা। আর এতে সাত গোল করেছেন বার্সেলোনা তারকা।
ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে শুধু নেইমারই এ বছর ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীত ২৩ জনের তালিকায় জায়গা পেয়েছিলেন। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে রয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। তবে কার্লসের মতে নেইমারই তৃতীয় সেরা তারকা।
কার্লোস বলেন, "নেইমার এক বিস্ময়। সে দ্রুতই ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। বার্সা ও সেলেকাওদের হয়ে সে দারুণ পারফরম্যান্স করেছে।
মেসি ও রোনালদোর প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, "মেসি ও নেইমার প্রতিদিনই ভাল করছে। নেইমারও তাদের পর্যায় পৌঁছাতে চেষ্টা করছে। তবে প্রতিবারই যখনই সে কাছাকাছি পৌঁছায় তখন তারা আরো ভালো করে।"
"তাই আমার মতে, এই মৌসুমে সেরা তিন খেলোয়াড় হচ্ছেন ক্রিস্টিয়ানো, মেসি ও নেইমার।"
ব্রাজিলের হয়ে ৬০ ম্যাচে ৪২ গোল করেছেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছে নেইমার।
জেডআই





