ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসেই অনুষ্ঠিত হবে ‘ওয়ালটন জাতীয় মহিলা কাবাডি-২০১৬’। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, এবারের ওয়ালটন জাতীয় মহিলা কাবাডিতে মোট ১০টি দল অংশ নিবে। ৬ বিভাগ থেকে ছয়টি। আর ঢাকা বিভাগ থেকে ২টি। তাদের সঙ্গে যুক্ত হবে সার্ভিসেস দল আনসার ও বিজিবি। এই মোট দল দল নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা কাবাডি টুর্নামেন্ট।

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এর আগেও ওয়ালটন গ্রুপ জাতীয় মহিলা কাবাডির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এবারও হতে যাচ্ছে। কাবাডি আমাদের জাতীয় খেলা।

আমরা এই খেলাকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই কাবাডি খেলায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাক। ফেব্রুয়ারিতে ভারতের শিলং ও গোহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে কাবাডিতে ভালো ফল এসেছে। আশা করব কাবাডির এই সফলতা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘ওয়ালটন গ্রুপ সর্বদাই কাবাডির সঙ্গে রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় আমরা বিভিন্ন টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করছি। এর আগেও ওয়ালটন গ্রুপ জাতীয় মহিলা কাবাডিতে পৃষ্ঠপোষকতা করেছিল। এবারও তারা এগিয়ে এসেছে। সে জন্য ওয়ালটন গ্রুপকে আমি ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

এআই