রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস বিশ্বাস করেন যে এখন তিনি ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন। এর ফলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালোন ডি’অর জিততে চান তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমটি দুর্দান্ত কেটেছে রামোসের। ২০১৪ সালে ব্লানকোসদের হয়ে ধারাবাহিকভাবে অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পান তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল’রের শিরোপা জিততে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ খেলেছেন তিনি।
বলা চলে এবার রামোসের কল্যাণেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ফাইনাল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা শেষ হওয়ার দু্ই মিনিট আগে তার গোলেই ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। আর সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের জালেও দুবার বল জড়িয়েছেন স্পেনের এই তারকা।
সাংবাদিকদেরকে রামোস বলেন, ‘এখন আমি আমার সবচেয়ে ভালো সময় পার করছি। ব্যক্তিগত ও পেশাদারী দিক থেকে এটি আমার একটি সেরা বছর ছিল।’
তিনি আরো বলেন, ‘ব্যালন ডি অর পুরস্কারটি জিততে পারলে ভালো হতো। শেষ কথা হলো, দলের সবাই সহযোগিতা করলেই ব্যক্তিগত পুরস্কার লাভ করা যায়।’
লা ডেসিমা নিয়ে এই ডিফেন্ডার বলেন, ‘এটা সার্জিও রামোসের ডেসিমা নয়, প্রত্যেকের। এই শিরোপাটি জিততে অনেকে কঠিন পরিশ্রম করেছেন। সব মাদ্রিদদের জন্য এটা একটি দারুণ বছর ছিল।’