অবিশ্বাস্য হলেও সত্যি। একদিনের ক্রিকেটে ব্যক্তিগত প্রথম ৩০০ রানের ইনিংস গড়লেন এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাও আবার ৪৪ ওভারের ম্যাচে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ম্যাচে মার্টার হিল দলের হয়ে ৩৪১ রানের এই রেকর্ড গড়লেন জেমস টাল।

কুইন্সল্যান্ড ওয়ারহাউস ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত ৪৪ ওভারের ম্যাচে টালের এই ৩৪১ রানের ইনিংস গোটা ক্রিকেট বিশ্বে সারা ফেলে দিয়েছে। তা সাড়া ফেলবে না কেন! একটা সময় ৫০ ওভারের ক্রিকেটে গোটা দল ৩০০ রান করতে পারলেই জয় কার্যত নিশ্চিত হয়ে যেত। টি-টোয়েন্টি আসার পর এখন ৪০০ ওপর রানও তাড়া করে জেতা যাচ্ছে। তাই বলে একজন ব্যাটসম্যান মাত্র ৪২ ওভার ক্রিকেটে থেকেই ত্রিশতরানের ইনিংস গড়ে ফেলবেন, সেটা তে তো চক্ষু ছানাবড়া হবেই।

টালের এই ইনিংসে টালমাটাল দশা হয় বিপক্ষ দল সাইলেন্ট অ্যাসাসিনের বোলারদের। মজার কথা, টালের পর এই ম্যাচে তাঁর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান হল ৩৬।

৪৪ ওভারের এই ম্যাচে টালের দল তোলে ৪৫৭ রান ৪ উইকেটে। জবাবে সাইলেন্ট দল ২৩২ রান করেই চুপ হয়ে যায়।

যতই ক্লাব ম্যাচ হোক, যতই বিপক্ষ দলের বোলারদরে মান নিয়ে প্রশ্ন থাকুক ব্র্যাডম্যান, চ্যাপেলের দেশের নয়া হিরো এখন জেমস টাল। এখন এই প্রচারে জেমস টালর না খেয়ে সিধে থাকলে হল। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ব্যাটসম্যান কী ওয়ানডে ক্রিকেটে কখনও ত্রিশতরান করতে পারবে!

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা ১৫০ রানের বেশি ইনিংস গড়েছেন। তাহলে ৫০ ওভারে হবে না কেন! টাল কিন্তু বিশ্বাসের পাহাড়টা টলিয়ে দিলেন।

একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বপ্রথম ২০০ রানের বাধা ভেঙ্গেছিলেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি।

এরপর আরো দুই বার দুই'শ ঊর্ধ্বো স্কোর করেছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করেছিলেন বীরেন্দ্র শেবাগ। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করেছিলেন রোহিত শর্মা।

জেডআই