বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাংলাদেশের একজন ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য ৩৫ লাখ টাকা হতে পারে। তবে বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য হতে পারে ৭০ হাজার ডলার (প্রায় ৫৬ লাখ টাকা)।
আগামী ২৫ নভেম্বর হতে বিপিএল-এর তৃতীয় আসর শুরু হওয়ার কথা আছে। এখনও সব ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়নি। তবে অন্য কাজ চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টের পরিচলনা পরিষদ। ইতোমধ্যে বেশ কিছু খসড়া তৈরি করা হয়েছে। সেখানে এগুলো নির্ধারণ করা হয়েছে। তবে সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলে প্রতিটি দল ১২ জন দেশি ও ৭ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দলগুলো ক্রিকেটার কিনে নেবে। দেশি-বিদেশি ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে।
দেশি ক্রিকেটারদের জন্য আইকন, ক্যাটাগরি এ, বি, সি ও অনূর্ধ্ব-১৯ এই পাঁচভাগে ভাগ করা হবে। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক হবে ৩৫ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। তাদের মূল্য হবে ২৮ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ২২ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১৫ লাখ টাকা করে। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দু’জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। তাদেরকে পারিশ্রমিক দিতে হবে ৫ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে ৭০ হাজার ডলার। এর চেয়ে বেশি মূল্যে যদি কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে চায় তাহলে ওই ক্রিকেটারের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না বিসিবি। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার ৫০ হাজার, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৪০ হাজার ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩০ হাজার ডলার দেয়া হতে পারে।
জেডআই





