খেলোয়াড় বেচাকেনা নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে টানাপোড়েন চলছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার। এবারের দলবদলের বাজারে উরুগুয়ের বিতর্কিত স্ট্রাইকার লুইস সুয়ারেজকে দলভুক্ত করলেও ফিফারই নিষেধাজ্ঞার কারণে এখনই প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য তাকে পাচ্ছে না কাতালান দলটি। এগুলোর সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরেকটি দুঃসংবাদ।

পায়ের গোড়ালির ইনজুরির কারণে লা লিগার নতুন মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের এই ফুটবল সুপার স্টারের। ফলে রোববার এলচের বিপক্ষে ম্যাচে নেইমারকে মাঠে দেখা যাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। অথচ মনোবল চাঙ্গা করার জন্য মৌসুমের প্রথম ম্যাচে ভাল ফলাফল করাটা বড় দলগুলোর জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়।

জাতীয় দল ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণের সময়ই ইনজুরির কবলে পড়েছিলেন নেইমার। পিঠের ওই ইনজুরি কাটিয়ে সদ্য মাঠে ফিরেছেন তিনি। বার্সেলোনার হয়েই সোমবার লিওনেল মেসির সঙ্গে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচে দারুণ পারফর্মেন্স দিয়ে রাজশিক প্রত্যাবর্তন ঘটেছিল নেইমারের। ওই ম্যাচে ৬-০ গোলের অসাধারণ এক জয় তুলে নেয় নেইমার-মেসি-সুয়ারেজের বার্সেলোনা।

কিন্তু নতুন করে আক্রান্ত হওয়া ইনজুরির কারণে বার্সার লিগ মিশন শুরুর অভিযানে যোগ দেয়াটা অনিশ্চয়ত হয়ে পড়েছে ২২ বছর বয়সী নেইমারের। ক্লাবের পক্ষ থেকেই শুক্রবার নেইমারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার অনুশীলন চলাকালে নেইমার জুনিয়র জানিয়েছেন যে তার বাঁ পায়ের গোড়ালীতে কিছুটা ব্যথা অনুভুত হচ্ছে। ফলে সেখানে পরীক্ষা করানো হয়। তাতেই দেখা যায় তিনি ইনজুরির কবলে পড়েছেন। এখন চিকিৎসা চলছে এবং সেরে ওঠার সময়ের ওপরই নির্ভর করছে নেইমারের ফের অনুশীলনে যোগ দেয়ার বিষয়টি।

ইনজুরির ঘটনায় পূর্বনির্ধারিত শুক্রবারের সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী হিসেবে করা তালিকা থেকে প্রত্যাহার করা হয় নেইমারকে। গত মৌসুমে মোটা অংকের অর্থের বিনিময়ে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিলেও এখনো পর্যন্ত উপযুক্ত দক্ষতার প্রমাণ দিতে পারেননি নেইমার। লা লিগায় এ পর্যন্ত ২৬ ম্যাচে অংশ নিলেও মাত্র ৯টি গোল করেছেন তিনি।

ঢাকা,২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই