মাশরাফির ফিরে আসা নিয়ে টাইগারপ্রেমীদের আকুল আবেদন। বিসিবিও চায় অধিনায়কত্ব ছাড়লেও টি-টুয়েন্টি খেলাটা চালিয়ে যাক মাশরাফি।

কিন্তু ক্রিকেটের ছোট ফরম্যাটে এক রাত আগেই সাবেক হয়ে যাওয়া মাশরাফি নিজে ভাবছেন অন্যরকমই। টি-টুয়েন্টিতে ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ম্যাশ।

আজ শুক্রবার সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে টাইগাররা। বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে ফুল দিয়ে দলের সদস্যদের স্বাগতম জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের সামনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছে। তবে তাকে টি-টুয়েন্টি দলে রাখা হবে।’

কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়েই নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে গেলেন মাশরাফি। টি-টুয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোন সম্ভাবনা নেই।’

এর আগে সকাল ১১.৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিদের বহনকারী বিমানটি। সেখানে বিসিবির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তিন ফরম্যাটের সিরিজেই ড্র করে আসা দলকে স্বাগতম জানানো হয়।

এমবি