সিনসিনাটি মাস্টার্স ওপেনের মেয়েদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। শিরোপা নির্ধারণী ম্যাচে তার মুখোমুখি হবেন আনা ইভানোভিচ।

রোববার সেমিফাইনালের লড়াইয়ে প্রথম সেটে হেরে যান সেরেনা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ডেনিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে ২-৬, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে ক্যারিয়ারের ৬১তম ডব্লিউটিএ শিরোপা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি। এখন ফাইনালে আনা ইভানোভিচকে হারাতে পারলে আরো একটি শ্রেষ্ঠত্বের মুকুট পরবেন তিনি।

সার্বিয়ান তারকা ইভানোভিচ সেমিফাইনালে রুশ তারকা মারিয়া শারপোভাকে ৬-২, ৫-৭, ৭-৫ সেটে হারিয়েছেন। এর আগে আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতবারই শারাপোভার কাছে হেরেছিলেন তিনি। আর এই ম্যাচেও ২৭ বছর বয়সী রুশ তারকাকে হারাতে ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়েছেন নবম বাছাই ইভানোভিচ।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই