আইপিএলে গত ১৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে ৭ উইকেটে শেষ হাসি হেসেছিল মুস্তাফিজুর রহমানদের দলটি। তাই আজ আবারো মুখোমুখি হওয়ায় এই ম্যাচে প্রতিশোধের অপেক্ষায় থাকতে পারে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আজ তাদের বিপক্ষে জিতে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে চাইবে ছন্দে থাকা হায়দরাবাদ।
চলতি আইপিএলে ৩৭তম ম্যাচে আজ বিশখাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ। খেলাটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেল।
সবশেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে নিজেদের বোলিং নৈপুণ্যে অসাধারণ এক জয় পেয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজ-নেহরা এবং ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে বেশি দূর এগুতে দেয়নি তারা। তবে আজ রোহিত শর্মার শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে জিততে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করতে হবে তাদের। আর সেই জন্য গুরু দায়িত্ব থাকবে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের উপর।
মুম্বাই ও হায়দারবাদ দুই দলেরই ভান্ডারে সমান পয়েন্ট রয়েছে। ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট জমা রয়েছে টেবিলে পঞ্চম স্থানে থাকা মুম্বাইয়ের। আর এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। আজ মুম্বাইয়ের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেবিলের আরও উপরে উঠে যাবে মুস্তাফিজের দলটি।
এমই





