ওয়ালটন ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই গ্রুপ থেকে রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও।

‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে স্বাধীনতা কাপ ও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রম আবাহনী। তারা অবশ্য ওয়ালটন ফেডারেশন কাপেও ফেভারিট ছিল। কিন্তু শেষ পর্যন্ত গ্রুপপর্বের বাঁধা-ই পেরুতে পারেনি তারা।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলের ব্যবধানে হারায় শেখ রাসেল। তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।

বুধবার মুক্তিযোদ্ধার বিপক্ষে গোলের দেখা পেতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শেখ রাসেলকে। এ সময় শেখ রাসেলের মিডফিল্ডার মোনায়েম খান রাজুর বাড়িয়ে দেওয়া বল থেকে ট্যাব করে গোল আদায় করে নেন দলটির ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড জিয়ান জি ইকাঙ্গা।

৩২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন শেখ রাসেলের শাহেদুল আলম শাহেদ। ৩০ গজ দূর থেকে জোরালো শটে তিনি বল জালে জড়ান। আর ৪৪ মিনিটের মাথায় ইকাঙ্গার সহায়তায় শেখ রাসেলের হয়ে তৃতীয় গোলটি করেন পল এমিল। দ্বিতীয়ার্ধে অবশ্য মুক্তিযোদ্ধা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি তারা।

এ জয়ের ফলে ২ ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ৪ পয়েন্ট। আর মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩ পয়েন্ট। বিদায় নেওয়া চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট।

এফএফ