এএইচএফ জুনিয়র কাপ হকির বাছাই পর্বের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাওলানা ভাসানী স্টেডিয়ামে বেলা ২টায় মাঠে শুরু হবে দুই দলের লড়াই।

টুর্নামেন্টে ইতোমধ্যে দাপটের সঙ্গে মালয়েশিয়ায় আগামী বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্বটি নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

লংকানদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় হকি দলের অতীত ইতিহাস খুব একটা খারপ নয়। ১৯৯৫ সালের সাফ গেমসে ১-১ গোলে ২০১০ সালের এশিয়ান গেমস বাছাই পর্বে ৩-৩ গোলে শ্রীলংকার বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হওয়াটা যেন চয়নদের এক প্রকার নিয়তিই বটে।

২০১২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে বাংলাদেশের সামনে বড় বাধা ছিল এই শ্রীলংকা। সেবার লংকানদের ৫-৩ গোলে হারিয়েই শেষ চারের বাধা টপকেছিলো লাল সবুজরা।

আর এবছর ২২ মার্চ এশিয়ান গেমস বাছাই পর্বেও বাধা ছিল শ্রীলংকা। চয়ন-মিমোদের ফাইনালে ওঠার সেই লড়াইটা কঠিনই হয়ে পড়েছিল নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায়। শেষে নতুন নিয়মের শুট আউটে স্বাগতিক গোলকিপার অসীম গোপের দৃঢ়তায় লংকানদের ৩-০ গোলে হারিয়েই বাছাই পর্বের ফাইনালে ওঠেছিল বাংলাদেশ।

পরে চ্যাম্পিয়ন হয়ে কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের টিকিট পায় লাল-সবুজ জার্সিও দলটি। এবারও স্বাগতিকদের ফাইনালের পথে বাধা সেই শ্রীলংকা।

জেডআই