বাংলাদেশ ক্রিকেট দল ১টি টেস্ট, ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হলো।
আজ মঙ্গলবার (২৯ জুন) ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে হারারের উদ্দেশ্যে আকাশে উড়াল দিয়েছে টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা হারারে যাওয়ার আগে অবশ্য কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে। সেখানে দলের সঙ্গে যোগ দিবেন নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কা থেকে তার দোহায় থাকার কথা রয়েছে।
কাতারের রাজধানী দোহা থেকে বাংলাদেশ দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়েতে এসে দলের সঙ্গে যোগ দিবেন।
এছাড়াও দেশের ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারেতে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
আগামী ৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ২৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর শেষ হবে।
এইচএন





