বাংলাদেশের প্রথম সারির তিন ব্যাটসম্যানই দিয়েছিলেন বড় ইনিংস খেলার ইঙ্গিত। কিন্তু সৌম্য সরকার, তামিম ইকবাল বা মুশফিকুর রহিমের কেউই শেষপর্যন্ত খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। এই প্রতিবেদন লেখার সময় ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর : ৬৬/৩।
প্রথম ওভারেই সাজঘরে ফিরতে পারতেন সৌম্য সরকার। কিন্তু ভাগ্যদেবীর আশীর্বাদে জীবন পেয়ে যান এই বাঁহাতি ওপেনার। থার্ড ম্যানে সহজ ক্যাচ ফেলে দেন ওয়াশিংটন সুন্দর। সেই সময় সৌম্য ছিলেন মাত্র দুই রানে।
এরপর একটি চার ও ছয় মেরে বড় কিছুর ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ইনিংসটা বড় করতে পারেননি। তৃতীয় ওভারে থেমে গেছেন ১৪ রানে। ১৫ রান করে সাজঘরের পথে হেঁটেছেন আরেক ওপেনার তামিম ইকবালও। নবম ওভারে মুশফিকুর রহিম সুন্দরের শিকার হয়ে ফিরে গেছেন ১৮ রান করে।
নিদাহাস ট্রফিতে বাংলাদেশ নেমেছে নিজেদের প্রথম ম্যাচে। কলম্বোর প্রেমাদাসা মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে তারা মুখোমুখি হয়েছে ভারতের। ম্যাচের টস ভাগ্যটা হেসেছিল রোহিত শর্মার দিকেই। আর জিতেই ফিল্ডিংটা বেছে নিতে ভুল করেননি ভারতীয় অধিনায়ক। টসে হেরে তাই ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।
এমআর





