ব্রাজিলীয় তারকা দানি আলভেজ আগামী মৌসুমেও বার্সেলোনাতে থাকছেন। তার পিএসজিতে যাওয়া কথা থাকলে, সেটা হচ্ছে না বলে জানিয়েছেন পিএসজি কোচ লরেন্ট ব্ল্যাঙ্ক।
৩২ বছর বয়সী এই রাইট ব্যাককে নিয়ে মৌসুমের শেষে জোড় গুজব ছিল যে তিনি ক্যাম্প ন্যু ছেড়ে পার্ক ডি প্রিন্সেসে যোগ দিচ্ছেন। ৩০ জুন কাতালান জায়ান্টদের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বিধায় অনেকেই এমনটা আশা করেছিলেন।
এক সপ্তাহ আগেও আলভেজ নিজেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি আর বার্সেলোনায় থাকছেন না। এর পিছনে তিনি বোর্ড সদস্যের তার প্রতি বিরুপ মনোভাব পোষনকেই দায়ী করেছিলেন।
তবে পিএসজি কোচ মনে করেন দীর্ঘ দিন ধরে বার্সায় থাকা এই ব্রাজিলিয়ান রাইট ব্যাকের সঙ্গে সব সমস্যার অবসান হবে এবং অচিরেই তার সঙ্গে কাতালানরা নতুনভাবে চুক্তি করবে।
আলভেজেরও তাই ইচ্ছা বলেই ব্ল্যাঙ্ক ইঙ্গিত দিয়েছেন। এখন আলভেস বার্সেলোনার পক্ষ থেকে প্রস্তাবের অপেক্ষায় আছেন। তবে তাকে দলে পেলে পিএসজিরও ভাল হতো বলেই মন্তব্য করেছেন ব্ল্যাঙ্ক।
ফ্রান্স জাতীয় দলের সাবেক এই কোচ জুভেন্টাসের পল পোগবার ব্যাপারে ক্লাবের আগ্রহের বিষয়টি নিয়েও কথা বলেছেন। তার ধারণা পোগবা তাদের প্রস্তাবে রাজী হবে। যদিও তুরিন থেকে এই মিডফিল্ডারকে নিতে আরো অনেক বড় ক্লাবই ইতোমধ্যেই জোড় তৎপরতা শুরু করেছে। পোগবার নিজেরও পিএসজির প্রতি আগ্রহ থাকলেও অন্যান্য ক্লাবের ব্যাপারেও তাকে চিন্তা করতে হচ্ছে।
শনিবার অক্সেরেকে ১-০ গোলে পরাজিত করে কোপা ডি ফ্রান্সের শিরোপা ঘরে তুলে পিএসজি। এর আগে ২০১৪-১৫ মৌসুমে তারা লিগ ওয়ান ও কোপ ডি লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল।
জেডআই





