স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে অভিষেক মৌসুমেই হ্যাটট্রিক শিরোপা এনে দেয়ার পরও নিজের চাকুরি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কোচ লুইস এনরিক।
শনিবার বার্লিনে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা। লা লিগা কোপা ডেল রে'র পর ইউরোপের সেরা হওয়ারও গৌরব অর্জন করল কাতালান ক্লাবটি।
শিরোপাহীন একটি মৌসুম শেষে জেরার্ডো মার্টিনের কাছ থেকে কোচের দায়িত্ব পান এনরিক। তার অভিষেক মৌসুমেই ক্লাবটিকে এনে দিয়েছেন তিনটি প্রধান শিরোপা।
তবে সাংবাদিকদেরকে এনরিক বলেছেন, "সত্যটা হচ্ছে, আমার ভবিষ্যত অনিশ্চিত। যদিও এখন সবকিছুতেই খুশি।"
তিনি আরো বলেন, "আমরা খুবই খুশি। আমরা অদ্বিতীয় একদল খেলোয়াড় পেয়েছি। তারা বিজয়ী, তারা যোদ্ধা ও তারা তাদের কাজ উপভোগ করে এবং আমাদেরকে উপভোগ করায়।"
মৌসুমের পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, "এটি মৌসুমের ৬০তম ম্যাচ। এর মধ্যে ৫০টিতেই আমরা জিতেছি। এটি একটি কঠিন বছর ছিল। যারা আমরা প্রতি বিশ্বাস রেখেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।"
প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করে বার্সা কোচ বলেন, "আমি কখনোই ভাবিনি যে আমরা ট্রেবল জিতব। কিন্তু তারা (খেলোয়াড়রা) যতটুকু পারে তার সর্বোচ্চ ভালটুকু দেয়ার চেষ্টা করে। এই খেলোয়াড়রা দেখিয়েছে যে তারা জিততে ক্লান্ত হয়ে যায়নি।"
ছয় বছর আগে পেপ গার্দিওলার অভিষেক মৌসুমে সর্বশেষ ট্রেবল জয়ের রেকর্ড গড়েছিল বার্সেলোনা।
জেডআই





