দীর্ঘ দুই যুগ পর আর্জেন্টিনাকে ফাইনালে নেয়া আলেজান্দ্রো সাবেলা দলটির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ৫৯ বছর বয়সী এই কোচ দলের দায়িত্ব থাকবেন না বলে ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন।
দুই সপ্তাহ আগে জানিয়েছিলেন, তিনি কোচের পদে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। অবশেষে সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল সাবেলার আর্জেন্টিনা।
সাবেলা বলেছেন, "আপনার জ্বালানির ট্যাংকটি পূর্ণ রাখতে হবে। মাঝে মাঝে এটি খালি হয়ে যেতে পারে। আমি মনে করি, আমি এখন সেই অবস্থায়ই আছি।"
২০১১ সালে সাবেলা আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন। সাবেলার অধীনে মোট ৪২টি ম্যাচ খেলেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে ২৬টি জয়, ১০টি হার ও ৬টি ম্যাচ ড্র করেছিল।
সাবেলার উত্তরসূরি হিসেবে এগিয়ে আছেন বার্সেলোনার সাবেক কোচ জেরার্ডো টাটা মার্টিনো এবং কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





