ইউরোপে সাম্প্রতিক সময়ে শরণার্থীদের সহযোগিতায় ক্যাম্পেইন শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ফান্ড গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক ভাবে সকলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিয়েছে।

শুক্রবার বার্সেলোনা তাদের নিজস্ব চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু করে। তাদের সাথে যৌথভাবে এই কার্যক্রমে সহযোগিতা করছে রেড ক্রস।

এর আগে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে স্পেনে আসা হাজার হাজার শরণার্থীদের সহযোগিতায় রিয়াল মাদ্রিদও নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তারা ইতোমধ্যেই এক মিলিয়ন ইউরো দেবার ঘোষণা দিয়েছে। সেই কৌশলকে কাজে লাগিয়েই বার্সেলোনা নিজেদের কার্যক্রম পরিচালিত করছে।

বার্সেলোনার সহ-সভাপতি জোর্দি কারডোনার জানিয়েছেন এটা একটি সম্প্রসারিত ক্যাম্পেইন যেখানে বার্সা পরিবারের প্রতিনিধিত্ব আছে।

এই ক্যাম্পেইনের মূল স্লোগান হচ্ছে, ‘তুমি যেখান থেকেই আসো না কেন এটা কোন বিষয় নয়’। এখানে প্রথম কাজ হিসেবে খেলোয়াড়দের জার্সি নিলামে তোলা হবে, অনলাইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।

এছাড়া মূল দল ও যুব দলের ম্যাচ টিকেট থেকেও অর্থ সংগ্রহ করা হবে। শরণার্থীদের সহযোগিতায় বার্সেলোনার তারকা খেলোয়াড়রা সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিবে।

কারডোনার আরো জানিয়েছেন বার্সেলোনার সাথে যে কয়টি প্রতিষ্ঠান জড়িত আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আশ্বাস দিয়েছে। এর মধ্যে বার্সেলোনার মূল পৃষ্ঠপোষক কাতার এয়ারওয়েজও রয়েছে।

জেডআই