পাকিস্তানের বিপক্ষে প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে তিন উইকেটে হেরেছে বংলাদেশ। মাত্র ৮ রানে পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করলেও ২৪৭ রানের মধ্যে আটকাতে পারেনি মাশরাফি বাহিনী।
শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপে বেশ বিপাকেই পড়ে পাকিস্তান। মাত্র ৮ রানেই ফিরে যান দুই ওপেনার। তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইউনিস খান-হারিস সোহেল। তাসকিনের বলে ২৫ রান করে ইউনিস ও ৩৯ করে মাহমুদউল্লাহর বলে সোহেল ফিরলে আশা জাগে বাংলাদেশের। ১০৩ রানে প্রথম ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে পাকিস্তান। ৫০ ওভারের অর্ধেকও প্রায় তখন খেলা শেষ।
তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের জয়ের আশা কেড়ে নেন শোয়েব মাকসুদ। উমর আকমলকে সঙ্গে করে জয়ের দিকে এগিয়ে যান শোয়েব। পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৬৩ রান। ৩৯ রান করা আকমলকে মাশরাফি ফেরালেও শোয়েব ৯৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে আসেন। ৩ উইকেট হাতে রেখে ১১ বল বাকি থাকতে জয়ের দেখা পায় পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে বেশ সাফল্য পেয়েছেন বাংলাদেশের পেসাররা। মাশরাফি ১০ ওভার বল করে ৫০ রানে পেয়েছেন ২ উইকেট, রুবেল ৮ ওভারে ৩২ রানে ১ উইকেট ও তাসকিন ৭ ওভারে ৪১ রানে ২ উইকেট। এ ছাড়া সাকিব ও মাহমুদউল্লাহর সংগ্রহে ১টি করে উইকেট।
বাংলাদেশ আফসোস করতে পারে নিজেদের ব্যাটিং নিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহটা অনেক বড় করতে পারতেন মাশরাফিরা। কিন্তু স্লগ ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসায় সেটি সম্ভব হয়নি। ৪০.৩ ওভারে ৪ উইকেটে ১৯০ থেকে ৪৯.৫ ওভারে ২৪৬ রানে আলআউট। শেষ ১০ ওভারে ৫৬ রান যোগ করতেই হারাল অবশিষ্ট ৬ উইকেট।
মাহমুদউল্লাহ আর তামিম ইকবাল যে ভিত্তি এনে দিয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চোট কাটিয়ে ফেরা তামিম ৮১ রান করেন। মাহমুদউল্লাহ করেন ৮৩ রান। ১৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর তৃতীয় উইকেট জুটিতে ১৬৮ রান যোগ করেছিলেন দুজনে। কিন্তু ৯ বলের মধ্যে তামিম-মাহমুদউল্লাহ দুজনেই ফিরে আসেন। বাকিরাও আর রানের ঝড় তুলতে পারেননি। শেষ কটা ওভারে অনন্ত ২০ রান কম তুলেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৪৬/১০
(মাহমুদউল্লাহ ৮৩, তামিম ৮১, সাকিব ৩১, সৌম্য ১৫, মুমিনুল ৭, সাব্বির ৬, মাশরাফি ২, এনামুল ০, মুশফিক ০, সানি ০, রুবেল ০*; মোহাম্মদ ইরফান ৫/৫২)
পাকিস্তান: ৪৮.১ ওভারে ২৪৭/৭
(শোয়েব মাকসুদ ৯৩*, হারিস ৩৯, আকমল ৩৯; মাশরাফি ২/৫০, তাসকিন ২/৪১, রুবেল ১/৩২, সাকিব ১/৪৫, মাহমুদউল্লাহ ১/১৭)
কেএইচ





