শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে জয়হীন বিশ্বকাপ মিশন শেষ করেছে আফগানরা। এমন ব্যর্থতার পর অধিনায়কত্বের দায়িত্ব থেকেই সরে দাড়িয়েছেন মোহাম্মদ নবি। আজ অজিদের বিপক্ষে ম্যাচ শেষের ঘণ্টাখানেকের মধ্যে এ সিদ্ধান্ত জানিয়েছেন আফগান অধিনায়ক।
নবি টুইটবার্তায় লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেছে। এই ফল আমরা কিংবা সমর্থকরা কেউই আশা করিনি। ফল নিয়ে আমরা খুবই হতাশ।’
আফগানিস্তান এবার সরাসরি সুপার টুয়েলভে খেলেছে। পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। তিনটিতে হেরেছে, বৃষ্টির কারণে দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের নেতৃত্ব পেয়েছিলেন নবি। এরপর কয়েক হাত ঘুরে আরও একবার নেতৃত্ব পান। নবির নেতৃত্বে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১৬টিতে জিতেছে আফগানরা।
বিদায়বেলায় নির্বাচক কমিটির সঙ্গে দ্বন্দ্বের আভাসও দিয়েছেন নবি। টুইটে তিনি লিখেন, ‘নির্বাচক কমিটি এবং আমি একই ভাবনায় ছিলাম না, যা দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলে।’
যদিও নবি অবসরের ঘোষণা দিতে রাজি নন এখনই। জানিয়েছেন, তিনি খেলা চালিয়ে যাবেন এবং টিম ম্যানজেম্যান্ট ও নির্বাচকরা চাইলে তাকে পাবে।
এমআই





