আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিক, উরুগুইয়ান সুয়াজের জোড়া গোলের সঙ্গে পিকের আরেক গোলে রায়ে ভায়েকানোকে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। সেই সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষ স্থান দখল করেছে তারা।
আগের ম্যাচে ড্র করা রিয়াল মাদ্রিদ শনিবার রাতে ১-০ গোলে হেরেছিল। ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা শীর্ষস্থান দখল করার সুযোগ পায়। সেই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা।
এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠে খেলার মাত্র ৫ মিনিটেই ভায়েকানোর জালে বল জড়িয়ে দিয়ে অন্য রকম আতিথেয়তা করে বার্সা। জাভির এগিয়ে দেয়া বল থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে বার্সা। দলের সেরা তারকা লিওনেল মেসি ৩২ মিনিটে দারুণ এক সুযোগ পেলেও গোলের দেখা পাননি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে এসে ৪৯ মিনিটে কর্নারের সুবাদে গোলের দেখা পায় স্বাগতিক ক্লাবটি। জাভির কর্নার কিক করা বল হেড করেন জর্দি আলবা। সেখান থেকে বল পেয়ে গোল করেন পিকে।
৫৪ মিনিটে দুর্দান্ত এক আক্রমণকে প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন ভায়েকানো গোলরক্ষক আলভারেজ।
কিন্তু ৫৪ মিনিটেই সুয়ারেজকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন সফরকারী দলের টিটু। সেই সঙ্গে পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোল করে নিজের খাতা খোলেন মেসি।
সাত মিনিট পর জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর পাঁচ মিনিটের মাথায় পেদ্রোর কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সেই সঙ্গে ৫-০ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।
খেলার ৮০ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে উঠে যান বার্সার দানি আলভেজ। এতে পেনাল্টিও পেয়ে যায় ভায়েকানো। এই সুযোগ একটি গোল শোধ করে দেন বুয়েনো।
এভাবেই খেলা শেষ হতে পারত। কিন্তু প্রথম গোল করা সুয়ারেজ খেলার শেষ মিনিটে আরেকটি গোল করেন। এই গোলে অবদান রাখেন মেসি।
জেডআই





