টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন পর্বে প্রথম দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেও সুবিধা করতে পারছে না। এক আহমেদ শেহজাদের কাছেই পরাস্ত হচ্ছেন মুশফিকরা। বিপরীতে স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন শেহজাদ।
এই রিপোর্ট লেখা পযন্ত ১৭ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৯৮ রান করা শেহজাদের সঙ্গে ২৫ রান নিয়ে ক্রিজে আছেন শোয়েব মালিক।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেহজাদ ব্যাট হাতে দুর্দান্ত হলেও বাকিরা বেশি সুবিধা করতে পারেনি। ওপেনিং জুটির ৪৩ রানে মাত্র ৯ রান অবদান রেখে মাঠ থেকে বিদায় নিয়েছেন কামরান আকমল। ৮ রান করে বিদায় নেন ওয়ানডাউনে মাঠে আসা মোহাম্মদ হাফিজ। আগের উইকেট শিকারি আব্দুর রাজ্জাকের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।
ক্রিজে এসে উমর আকমল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন। মাহমুদুল্লাহর বলে তামিমের তালুবন্দী হন এই ব্যাটসম্যান।
এদিন টস জিতে বাংলাদেশকে প্রথমে বোলিং পাঠান পাক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।