বাংলাদেশের দেয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল সেঞ্চুরি করে মাঠ থেকে বিদায় নিয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন রস টেইলর (৫৩) ও ইলিয়ট (২৬)।
শুক্রবার হ্যামিলটনের সেডন পার্কে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মারমুখী ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। কিন্তু পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ আউট হন ব্রেন্ডন ম্যাককালাম (৮)।
একই ওভারের পঞ্চম বলে তামিম ইকবালের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরে যান ওয়ানডাউনে মাঠে নামা কেন উইলিয়ামসন (১)।
রস টেইলরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন গাপটিল। ধীরে ধীরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। সাকিবের বলে গাপটিল আউট হলে ভেঙে যায় তাদের ১৩১ রানের জুটি।
রুবেল হোসাইনের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১০০ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করেন গাপটিল।
এর আগে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময় ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
জেডআই





